মুহাম্মাদ ‎ﷺ ২

আক্বাবার দ্বিতীয় অঙ্গীকারের আড়াইমাস পর চতুর্দশ নবুওয়াত বর্ষের সফর মাসে মক্কার সংসদ ভবন দারুন নদওয়াতে কুরাইশ মুশরিকগণ মোহাম্মদ (সা.) কে হত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের দুরভিসন্ধিকে চরমভাবে ব্যর্থ করে রাসুলুল্লাহ (সা.) আবূ বকর (রা.) কে সাথে নিয়ে মদিনায় হিজরত করেন। প্রথম হিজরী রবিউল আওয়াল মাসের ১২ তারিখ জুমাআর দিন মোহাম্মদ (সা.) বনী নাজ্জার গোত্রের আবূ আইউব আনসারী (রা.) বাড়িতে অবতরণ করেন। ন্যায্য মূল্যে জমি ক্রয় করে তাতে মসজিদে নববী ও এর পাশে উম্মাহাতুল মুমিনীন নবী পত্নীগণ (রা.) ও রাসূলুল্লাহ (সা.) এর আবাস কক্ষ নির্মাণ করা হয়। মুহাজির ও আনসার গণের মধ্যে ভাতৃত্বের বন্ধন স্থাপন করা হয়। অতঃপর নবী মুহাম্মদ (সা)-এর পক্ষ থেকে কুরায়শ ও ইয়াসরিবের মু’মিন ও মুসলমানদের মধ্যে এবং যারা তাদের অধীনে, তাদের সাথে শামিল হবে বা তাদের সাথে জিহাদে মিলেমিশে কাজ করবে তাদের জন্য এবং সেইসাথে ইহুদিদের জন্য মদিনার সনদ তৈরি করা হয়। হিজরতের পরও মক্কার কুরাইশরা যেমন মদীনায় মুসলিমদের ধ্বংস করার চেষ্টা করছিল, তেমনি মদিনার অমুসলিমদের কিছু অংশ মুসলিমদের ধ্বংস করতে চাচ্ছিল। মদিনায় মোহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে শত্রুতায় অন্যতম ব্যক্তি আনসারদের নেতা আব্দুল্লাহ ইবনু উবাই বিন সলূল। এ অবস্থায় মোহাম্মদ (স.) কিছু গোত্রের সঙ্গে মিত্রতা স্থাপন এবং যুদ্ধ না করার চুক্তি সম্পাদন করেন। সেই সাথে মুসলিমদের সামরিক তৎপরতা কাজ শুরু হয়ে যায়। এরপর বিরতি দিয়ে দিয়ে পরিচালিত হতে থাকে বিভিন্ন সারিয়্যাহ ও গাযওয়াহসমূহ।

হিজরী প্রথম বর্ষ রমজান মাসে হামযাহ বিন আবুল মুত্তালিব (রা.)-এর নেতৃত্বে ৩০ জন মুহাজির সৈন্য নিয়ে পরিচালিত হয় প্রথম সারিয়্যা; সারিয়্যাতু সীফিল বাহর বা সমুদ্রোপকূলের প্রেরিত বাহিনী।

শাওয়াল মাসে উবাইদাহ ইবনু হারিস ইবনু মুত্তালিব (রা.)-এর নেতৃত্বে ৬০ জন মুহাজির সৈন্য নিয়ে পরিচালিত হয় সারিয়্যাতু রাগিব।

যুলক্বাদাহ মাসে সাদ ইবনু আবী আক্কাস (রা.)-এর নেতৃত্বে ২০ জন যোদ্ধা নিয়ে পরিচালিত হয় সারিয়্যায়ে খার্রার।

হিজরী দ্বিতীয় বর্ষের সফর মাসে ৭০ জন মুহাজির যোদ্ধাকে সঙ্গে নিয়ে রাসুলুল্লাহ (সা.) গাযওয়ায়ে আবওয়া অথবা অদ্দান পরিচালনা করেন। এ অভিযানের পতাকাবাহী ছিলেন হামযাহ (রা.) এবং মদিনার তত্ত্বাবধায়ক ছিলেন সাদ ইবনু উবাদাহ (রা.)। এটি স্বয়ং মোহাম্মদ (সা.) এর দ্বারা পরিচালিত প্রথম অভিযান।

রবিউল আউয়াল মাসে ২০০ জন সাহাবী নিয়ে রাসূলুল্লাহ (সা.) গাযওয়ায়ে বুওয়াত্ব পরিচালনা করেন। এ অভিযানের পতাকাবাহী ছিলেন সাদ ইবনু আবী অক্কাস (রা.) এবং মদিনার তত্ত্বাবধায়ক ছিলেন সাদ ইবনু মুআয (রা.)।

রবিউল আউয়াল মাসে ৭০ জন সাহাবী নিয়ে রাসুলুল্লাহ (সা.) গাযওয়ায়ে সাফওয়ান বা গাযওয়ায়ে বদরে উলা বা বদরের প্রথম যুদ্ধ পরিচালনা করেন। এ অভিযানের পতাকাবাহী ছিলেন আলী (রা.) এবং মদিনার তত্ত্বাবধায়ক ছিলেন যায়দ ইবনু হারিসাহ (রা.)।

জামাদিউল উলা ও জামাদিউল উখরা মাসে ১৫০-২০০ জন সাহাবী নিয়ে রাসুলুল্লাহ (সা.) গাযওয়ায়ে যুল পরিচালনা করেন। এ অভিযানের পতাকাবাহী ছিলেন হামযাহ (রা.) এবং মদিনার তত্ত্বাবধায়ক ছিলেন আবূ সালামাহ ইবনু আব্দুল আসাদ মাখযূমী (রা.)।

রজব মাসে আব্দুল্লাহ ইবনু জাহশ (রা.)-এর নেতৃত্বে ১২ জন মুহাজির সৈন্য নিয়ে পরিচালিত হয় নাখলাহ অভিযান।

দ্বিতীয় হিজরির শাবান মাসে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবা গৃহকে কিবলা বলে ঘোষণা করলেন। রমজান মাসেই রমজানের রোজা ও সদকায়ে ফিতর ফরজ করা হয় এবং যাকাতের নিসাব নির্দিষ্ট করা হয়। ১৮ই রমজান শুক্রবার সংঘটিত হয় বদর যুদ্ধ। এ যুদ্ধে মুসলিমদের সৈন্যসংখ্যা ছিল ৩১৩ জন। যাদের মধ্যে ৮২ জন মুহাজির, ৬১ জন আউস গোত্রের ও ১৭০ জন খাযরাজ গোত্রের। সাথে দুইটি ঘোড়া ও ৭০ টি উট । অপরদিকে মক্কা বাহিনীর সৈন্য সংখ্যা তেরশত। সাথে একশত ঘোড়া, ৬০০ লৌহবর্ম এবং অগণিত উট। তাদের সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিল এ উম্মতের ফিরাউন আবূ জাহল ইবনু হিশাম। এ যুদ্ধে ১৪ জন মুসলিম শহীদ হন; যাদের মধ্যে ৬ জন মুহাজির ও ৮ জন আনসার। অপরদিকে মুশরিকদের মধ্যে ৭০ জন নিহত এবং ৭০ জন বন্দী হয়। বদর যুদ্ধের মাত্র ৭ দিন পর শাওয়াল মাসে ২০০ জন উষ্ট্রারোহীকে নিয়ে রাসুলুল্লাহ (সা.) গাযওয়ায়ে বনী সুলাইম পরিচালনা করেন। এ অভিযানের সময়ে সিবা ইবনু উরফুত্বাহ (রা.) মতান্তরে ইবনু উম্মু মাকতুম (রা.) কে মদিনার ব্যবস্থাপনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল।

বদর যুদ্ধের পর ওহাব ইবনু উমায়ের জুমহী তার সন্তানকে মুক্ত করার অজুহাতে মদিনায় গিয়ে মোহাম্মদ (স.) কে হত্যার সংকল্প করে। কিন্তু মদিনায় গিয়ে মোহাম্মদ (সা.) এর মোজেজা দেখে মুসলমান হয়ে যায়।

ইয়াহুদীরা মুসলিমদের প্রতি শত্রুতা ও হিংসা পোষণ করতো। বদর যুদ্ধে মুসলিমদের জয়ী হওয়ার ফলে তারা প্রকাশ্যভাবে শত্রুতার ভাব প্রদর্শন করতে লাগলো, বিদ্রোহ ঘোষণা করলো ও দুঃখ কষ্ট দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল। সর্বাধিক হিংসুটে বনু ক্বাইনুক্বা গোত্রের কিছু লোক একজন মহিলাকে অপমানিত ও একজন মুসলিমকে হত্যা করে ফেলে। তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রেক্ষিতে ১৫ দিন অবরোধ করে রাখার পর যুলকাদ মাসের ১ তারিখে তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করা হয়। তারা সিরিয়ায় চলে যায়।

বদর যুদ্ধের মাত্র দু'মাস পর যুলহিজ্জাহ মাসে রাসুলুল্লাহ (সা.) গাযওয়ায়ে সাভীক (ছাতু) পরিচালনা করেন। এ অভিযানের সময় মদিনায় ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আবূ লুবাবাহ ইবনু আব্দুল মুনযির।

হিজরী তৃতীয় বর্ষের মুহররম মাসে ৪০০ জন সাহাবী নিয়ে রাসুলুল্লাহ (সা.) গাযওয়ায়ে যূ আমর পরিচালনা করেন। এ অভিযানের সময় মদিনার তত্ত্বাবধায়ক ছিলেন উসমান ইবনু আফফান।

রবিউল আউয়াল মাসের ১৪ তারিখে মুহাম্মদ ইবনু মাসলামাহ (রা.)-এর নেতৃত্বে কিছু সাহাবি ইহুদী কবি কাব ইবনু আশরাফকে হত্যা করে।

রাবিউল আউয়াল মাসে ৩০০ জন সাহাবী নিয়ে রাসুলুল্লাহ (সা.) গাযওয়ায়ে বুহরান পরিচালনা করেন।

জুমাদিউল আখের মাসে যায়দ ইবনু হারিসার নেতৃত্বে ১০০ জন অশ্বারোহী নিয়ে পরিচালিত হয় সারিয়্যাতু যায়দ ইবনু হারিস।

শাওয়াল মাসের ৭ তারিখ শনিবার সংঘটিত হয় উহুদ যুদ্ধ। মুসলিমদের সৈন্যসংখ্যা ছিল ৭০০। যাদের মধ্যে ১০০ জন ছিলেন বর্ম পরিহিত ও ৫০ জন ছিলেন ঘোরসওয়ার। অপরদিকে কুরাইশ, তাদের মিত্র এবং দুর্বৃত্ত শ্রেনী মিলে সৈন্য সংখ্যা ৩০০০; যার সঙ্গে ১৫ জন মহিলা। তাদের সাথে ছিলো ৭০০ টি লৌহবর্ম, ২০০টি ঘোড়া ও ৩০০০ টি উট। যুদ্ধে মুসলিম শহীদদের সংখ্যা ছিল ৭০ জন। যাদের মধ্যে ৪১ জন খাযরাজ, ২৪ জন আউস গোত্রের, ৪ জন মুহাজির ও ১ জন ইহুদী। অপরদিকে কুরাইশদের নিহতের সংখ্যা ২২ মতান্তরে ৩৭ জন।

হিজরী চতুর্থ বর্ষের মুহাররম মাসে ১৫০ জন সৈন্য নিয়ে পরিচালিত হয় আবূ সালামাহ (রা.)-এর অভিযান। উহুদ যুদ্ধের পর এটি সর্বপ্রথম অভিযান। মুহাররম মাসে পরিচালিত হয় আব্দুল্লাহ বিন উনাইস (রা.)-এর অভিযান।

সফর মাসে রাযীর ঘটনায় আসিম বিন সাবিত ও খুবাইব (রা.) সহ ১০ জন সাহাবী শহীদ হন। সফর মাসেই বিরে মাউনাহর ঘটনায় ৭০ জন বিজ্ঞ, ক্বারী এবং শীর্ষ স্থানীয় সাহাবী শহীদ হয়। রাযী এবং মাউনাহর এর বেদনাদায়ক ঘটনাবলীর কারনে রাসুলুল্লাহ (সা.) বিশ্বাসঘাতক গোত্র ও সম্প্রদায়ের বিরুদ্ধে একমাস যাবত আল্লাহর সমীপে বদ দোয়া করতে থাকেন।

বিরে মাউনাহর ঘটনার পরপরই রবিউল আওয়াল মাসে মুহাম্মদ (সা.) কে হত্যার ষড়যন্ত্র করার অপরাধে ইহুদি গোত্র বনু নাযীরকে অবরোধ ও বহিষ্কার করা হয়। এ অভিযানের পতাকাবাহী ছিলেন আলী বিন আবূ ত্বালিব এবং মদিনার তত্ত্বাবধায়ক ছিলেন আব্দুল্লাহ বিন উম্মু মাকতূম। বনু নাযীরের ইয়াহুদীরা ৬০০ উট বোঝাই মালামাল নিয়ে খাইবার ও সিরিয়ার দিকে চলে যায়। এ অভিযান থেকে মুসলিমরা ৫০টি লৌহবর্ম, ৫০টি হেলমেট এবং ৩৪০ টি তরবারী লাভ করে।

রবিউল আখের বা জুমাদাল উলা মাসে নাজদ যুদ্ধ সংঘটিত হয়।

শাবান মাসে ১০টি ঘোড়া সহ ১৫০০ জন সাহাবী নিয়ে রাসুলুল্লাহ (সা.) গাযওয়ায়ে বদরে সানিয়াহ (দ্বিতীয় বদর যুদ্ধ) পরিচালনা করেন। এ অভিযানের পতাকাবাহী ছিলেন আলী (রা.) এবং মদিনার তত্ত্বাবধায়ক ছিলেন আব্দুল্লাহ ইবনু রাওয়াহা (রা.)। অপরদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে ছিল ৫০ জন ঘোড়সওয়ারসহ ২০০০ জন মুশরিক সৈন্য। কিন্তু যুদ্ধক্ষেত্রে না এসেই মাজান্নাহ থেকে মুশরিকরা মক্কায় ফিরে যায়। এ যুদ্ধ গাযওয়ায়ে বদরে মাওঊদ (ওয়াদাকৃত বদর যুদ্ধ), বদরে আখির (শেষ বদর যুদ্ধ) এবং বদরে সুগরা (ছোট বদর যুদ্ধ) নামে পরিচিত।

হিজরী ৫ম বর্ষের রবিউল আওয়াল মাসে ১০০০ জন সাহাবী নিয়ে রাসুলুল্লাহ (সা.) গাযওয়ায়ে দূমাতুল জানদাল পরিচালনা করেন। এ অভিযানের সময় মদিনার তত্ত্বাবধায়ক ছিলেন সেবা বিন উরফুতাহ গিফারী (রা.)।

শাওয়াল মাসে গাযওয়ায়ে আহযাব (খন্দক বা পরিখার যুদ্ধ) সংঘটিত হয়। আবূ সুফিয়ানের নেতৃত্বে চার হাজার কুরাইশ বাহিনী সহ মদিনার আশপাশে দশ হাজার সৈন্যের এক দুর্ধর্ষ বাহিনী মদিনা অবরোধ করে। একমাস যাবৎ মদিনা অবরোধ করে রেখে জুলকাদা মাসে খালি হাতে ফিরে যায়। এ যুদ্ধে মুসলিমদের মধ্য হতে ৬ জন শহীদ হন এবং মুশরিকদের মধ্য হতে ১০ জন নিহত হয়।

খন্দকের যুদ্ধ চলাকালীন মুসলিমদের সাথে কৃত চুক্তি ভঙ্গ করে মুশরিকদের সহযোগিতার অপরাধে যুলকাদাহ বনু কুরাইযাহ গোত্রকে ৩০ টি ঘোড়া সহ তিন হাজার সাহাবী নিয়ে রাসুলুল্লাহ (সা.) দুর্গের মধ্যে অবরোধ করেন। এ অভিযানের পতাকাবাহী ছিলেন আলী (রা.) এবং মদিনায় তত্ত্বাবধায়ক ছিলেন ইবনু উম্মু মাকতূম। ২৫ দিন পর বনু কুরাইযা বিনা যুদ্ধে রাসূলুল্লাহ (স.) এর নিকট আত্মসমর্পণ করে। বিচারক সাদ বিন মুয়ায যুদ্ধাপরাধীদের শাস্তিস্বরূপ বনু কুরাইযাহের পুরুষদের হত্যা, নারী ও শিশুদের বন্দি করা এবং তাদের সম্পদসমূহ বন্টন করে দেয়ার রায় দেন। মুসলিমরা দেড় হাজার তরবারী, দু হাজার বর্শা, তিন শত লৌহবর্ম, পাঁচ শত প্রতিরক্ষা ঢাল লাভ করে। এ যুদ্ধে একজন মুসলিম শহীদ হন এবং বনু কুরাইযার ছয় থেকে সাত শত সাবালক পুরুষ ও এক মহিলাকে হত্যা করা হয়। রাসুলুল্লাহ (সা.) বনু কুরাইযাহের মহিলাদের মধ্য হতে রায়হানাহ বিনতে আমর বিন খুনাফাহকে নিজের জন্য মনোনীত করেন। অভিযানের কিছুদিন পর খন্দক যুদ্ধে আহত সাদ বিন মুয়ায (রা.) মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল।

 

যুলক্বাদাহ অথবা যুল হবজ্জাহ মাসে আব্দুল্লাহ বিন আতীক (রা.)-এর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি দল মুসলিমদের বিরুদ্ধাচরণে এবং মুশরিকদের সহযোগিতায় অগ্রগামী সাল্লাম বিন আবিল হুক্বাইক্ব (আবূ রাফি) কে হত্যা করেন।

হিজরী ৬ষ্ঠ বর্ষের মুহাররম মাসে ৩০ জন সৈন্য নিয়ে পরিচালিত হয় মুহাম্মদ বিন মাসলামাহ'র অভিযান।

রবিউল আউয়াল অথবা জুমাদালউলা মাসে ২০০ সাহাবী নিয়ে রাসুলুল্লাহ (সা.) বনু লাহইয়ানের যুদ্ধ পরিচালনা করেন। এ অভিযানের সময় মদিনার তত্ত্বাবধায়ক ছিলেন ইবনু উম্মু মাকতুম (রা.)।

আখের মাসে উক্কাশাহ (রা.)-এর নেতৃত্বে ৪০ জন সাহাবী নিয়ে গামরের অভিযান পরিচালনা করে ২০০ উট নিয়ে মদিনায় ফিরে আসেন।

রবিউল আউয়াল কিংবা রবিউল আখের মাসে ১০ সদস্য বিশিষ্ট সৈন্যদল ১০০ সৈন্য বিশিষ্ট শত্রুদলের বিরুদ্ধে যুল ক্বাসসাহর প্রথম অভিযানে যান। ঘুমের মধ্যে অতর্কিত আক্রমণে গুরুতর আহত মুহাম্মদ বিন মাসলামাহ (রা.) ব্যতীত সকলেই মারা যান।

রবিউল আখের মাসে আবূ উবায়দাহ (রা.)-এর নেতৃত্বে ৪০ জন সৈন্য নিয়ে যুল ক্বাসসাহর দ্বিতীয় অভিযান পরিচালিত হয়।

রবিউল আখের মাসেই যায়দ বিন হারিসাহর নেতৃত্বে জামূম অভিযান পরিচালিত হয়।

জুমাদাল উলা মাসে যায়দ বিন হারিসাহর নেতৃত্বে একশত সত্তর জন ঘোড়সওয়ার সৈন্য নিয়ে ঈস অভিযান পরিচালিত হয়। এ অভিযানের পর নবী তনয়া যায়নাবের স্বামী আবুল আস মুসলিস হয়ে যান।

জুমাদাল আখের মাসে যায়দ বিন হারিসাহর নেতৃত্বে ১২ জন সাহাবী ত্বারিফ বা ত্বারিক্ব অভিযান পরিচালনা করেন।

রজব মাসে যায়দ বিন হারিসাহর নেতৃত্বে ১২ জন সাহাবী ওয়াদিল কুরা অভিযানে যান। অতর্কিত আক্রমণে নয় জন সাহাবী শহীদ হন।

রজব মাসেই আবূ উবায়দাহ বিন জাররাহ (রা.)-এর নেতৃত্বে তিনশত ঘোড়সওয়ার খাবাত্বে অভিযান করেন। এ অভিযানে খাবারের অভাবে সাহাবীরা গাছের পাতা ভক্ষণ করেছেন এবং পরবর্তীতে সমুদ্রের আম্বার নামক এক জাতীয় বিশাল আকার মাছ খাদ্য হিসেবে গ্রহণ করেন।

হিজরী ৫ম অথবা ৬ষ্ঠ বর্ষের শাবান মাসে রাসুলুল্লাহ (সা.) বনু মুসত্বালাক্ব বা গাযওয়ায়ে মুরাইসী পরিচালনা করেন। এ অভিযানের পতাকাবাহী ছিলেন আবূ বাকর (রা.) এবং আনসারদের বিশেষ পতাকাবাহী ছিলেন সাদ বিন উবায়দাহ। এ অভিযানের সময় মদিনার তত্ত্বাবধায়ক নিযুক্ত হন যায়দ বিন হারিসাহ। যুদ্ধে মুসত্বালাক্ব গোত্রের নেতা হারিস বিন আবী যিরারের কন্যা জুওয়াইরিয়াহ বন্দি হন। মোহাম্মদ (সা.) তাঁকে মুক্ত করে বিবাহ করেন।

এ অভিযানের সময়ে মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই মোহাম্মদ (সা.) এর বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ কথা বলে এবং আয়েশা (রা.)-এর প্রতি অপবাদ আরোপ করা হয়।

শাবান মাসেই আব্দুর রহমান বিন আওফ (রা.)-এর নেতৃত্বে দিয়ার বনু কালব অভিযান দূমাতুল জানদাল ক্ষেত্রে পরিচালিত হয়।

শাবান মাসেই আলী (রা.)-এর নেতৃত্বে ফাদাক অঞ্চলে দুইশত জন সৈন্য নিয়ে দিয়ারে বনু সাদ অভিযান পরিচালিক হয়। এ অভিযানে পাঁচ শত উট ও দুই হাজার ছাগল হস্তগত হয়।

রমজান মাসে আবূ বকর সিদ্দীক (রা.)-এর নেতৃত্বে ওয়াদিল কুরা অভিযান পরিচালিত হয়।

মুসলিম রাখালদের হত্যা ও ডাকাতির কারনে শাওয়াল মাসে কুরয বিন জাবির ফিহরী (রা.)-এর নেতৃত্বে ২০ জন সৈন্য নিয়ে উরানিয়্যীন অভিযান পরিচালিত হয়।

১লা যুল ক্বাদাহ তে রাসুলুল্লাহ (সা.) উম্মুল মুমিনীন উম্মু সালামাহ (রা.) ও চৌদ্দশত বা পনেরশত সাহাবী নিয়ে উমরাহ করার জন্য ক্বাসওয়া নামক উটের পিঠে চড়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন। সফররত অবস্থায় অস্ত্র গ্রহণের নিয়মে কোষবদ্ধ তলোয়ার ছাড়া পৃথক কোন খোলা অস্ত্রশস্ত্র সঙ্গে নেননি। এ সময় মদিনার তত্ত্বাবধানে ছিলো ইবনু উম্মু মাকতূম অথবা নুমাইলাহ লাইসী। ওমরা করার উদ্দেশ্যে মক্কার নিকটবর্তী হলেও মুসলিমদের ওমরা না করেই ফিরে আসতে হয়। তবে প্রথমবারের মতো মুশরিক কুরাইশদের সঙ্গে একটি সন্ধিচুক্তি সম্পাদিত হয় যা হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। বাহ্যিক দৃষ্টিতে এটি একটি অপমানজনক চুক্তি হলেও প্রকৃত বিচারে এটি ছিল একটি সুস্পষ্ট বিজয়। মুশরিকরা প্রথমবার মত মুসলিমদেরকে সন্ধি করার মত একটি শক্তি হিসেবে স্বীকার করে নেয়। যে ক্ষেত্রে মুসলিমগণের সৈন্যসংখ্যা কখনোই তিন হাজারের অধিক হয়নি সে ক্ষেত্রে সন্ধির পর মাত্র দু বছরের ব্যবধানে দশ হাজারে পৌঁছে যায়।

আবূ বাসীর, আবূ জান্দাল বিন সুহাইল ও আরো কিছু মুসলমানের চেষ্টায় মক্কা থেকে মদিনায় পলায়ন করে আসা মুসলিমদের মক্কায় ফেরত পাঠানোর শর্ত বাতিল হয়। সপ্তম হিজরী সালের প্রথম ভাগে মক্কার কলিজার টুকরো আমর বিন আস, খালিদ বিন ওয়ালিদ এবং উসমান বিন তালহাহ ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় চলে আসেন।

ষষ্ঠ হিজরীর শেষ দিকে হুদায়বিয়া হতে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ (সা.) পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহের বাদশা ও সমাজপতিদের কে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে তাদের নিকট পত্র প্রেরণ করেন।

ষষ্ঠ হিজরীর শেষ কিংবা সপ্তম হিজরীর প্রথমভাগে আমর বিন উমাইয়া যামরীর মাধ্যমে হাবশের সম্রাট নাজাশী অসহামা বিন আবযার নিকট পত্র প্রেরণ করেন। নাজাশী জাফর বিন আবী ত্বালিবের নিকট ইসলাম গ্রহণ করেন।

হাতিব বিন আবী বালতাহ এর মাধ্যমে মিশর ও ইসকান্দারিয়ার সম্রাট মুক্বাওক্বিস জুরাইজ বিন মাত্তার নিকট পত্র প্রেরণ করেন। মুসলিম না হলেও তিনি মোহাম্মদ (সা.)-কে উপহার স্বরূপ ২জন কিবতী দাসী, একটি খচ্চর ও কিছু পরিধানের পরিচ্ছদ উপহার দেন। দাসী মারিয়াকে রাসুলুল্লাহ (সা.) বিবাহ করেন।

আব্দুল্লাহ বিন হুযাফাহ সাহমীর মাধ্যমে পারস্য সম্রাট কিসরা খসরু পারভেজের নিকট পত্র প্রেরণ করেন। পত্রটি বাহরাইনের প্রধানের নিকট সমর্পিত হয়েছিল। কিসরা পত্রটি ছিড়ে ফেলে ও রসুলুল্লাহ (সা.) কে তার দরবারে হাজির করার জন্য ইয়ামানের গভর্নর বাজানকে নির্দেশ দেয়। ক্বায়সারের সৈন্য দলের হাতে পারস্য সৈন্যদের পর পর পরাজয়ের পর ৭ম হিজরীর ১০ জুমাদাল উলা মঙ্গলবার রাতে খসরুর ছেলে শিরওয়াইহ পিতাকে হত্যা করে সিংহাসনে আরোহন করে ও রাসুলুল্লাহ (সা.) কে গ্রেফতারের নির্দেশনা বাতিল করে। বাজান ও তার পারসীয়ান বন্ধুগণ মুসলিম হয়ে যায়।

দাহয়াহ বিন খলীফা কালবীর মাধ্যমে রোমের সম্রাট ক্বায়সার হিরাক্বল (হিরাক্লিয়াস) এর নিকট পত্র প্রেরণ করা হয়। ক্বায়সার কালবীকে অর্থ সম্পদ ও মূল্যবান পোশাক দ্বারা পুরস্কৃত করেছিলেন। মদিনায় প্রত্যাবর্তনের সময় হাসমা নামক স্থানে জুযাম গোত্রের কিছু লোক কালবীর কাছ থেকে সব কিছু লুট করে। এর প্রেক্ষিতে ৭ম হিজরীর জুমাদাস সানীয়াহ মাসে যায়দ বিন হারিসাহ (রা.)-এর নেতৃত্বে পাঁচশত সাহাবা নিয়ে হিসামা অভিযান পরিচালিত হয়।

আলী ইবনুল হাযরামী (রা.) এর মাধ্যমে বাহরাইনের গভর্ণর মুনযির বিন সাভীরের নিকট পত্র প্রেরণ করা হয়। মুনযির রাসুলুল্লাহ (সা.) এর নির্দেশনা মেনে নিতে সম্মত হয়।

সালীত্ব বিন আমর আমেরীর মাধ্যমে ইয়ামামার গভর্ণর হাওযাহ বিন আলীর নিকট পত্র প্রেরণ করা হয়। তিনি সালীত্বকে অনেক উপঢৌকন ও হিজরের তৈরি কাপড় চোপড় প্রদান করেন এবং রাসূল্লাহ (সা.)-এর আনুগত্য মেনে নিতে রাজি হয়।

শুজা বিন অহাব (রা.) এর মাধ্যমে দামিশক্বের গভর্ণর হারিস বিন আবী শামির গাসসানীর নিকট পত্র প্রেরণ করা হয়। হারিস শুজা বিন আহবকে উর্দী কাপড় ও খাদ্যসামগ্রী দিয়ে উত্তমপন্থায় বিদায় করেন। কিন্তু বাদশাহ ক্বায়সারের কাছ থেকে রাসুলুল্লাহ (স.)-এর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অনুমতি নেয়।

আমর বিন আসের মাধ্যমে আম্মানের সম্রাট জাইফার এবং তাঁর ভাই আবদের নিকট পত্র প্রেরিত হয়। তারা উভয়েই মুসলিম হয়ে যায়।